রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরকসদৃশ সামগ্রী ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৬০ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ১০০ জন, মিরপুর বিভাগ থেকে ১১৭ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জন রয়েছেন।
অভিযানকালে পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
