ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির সংখ্যায় কারসাজি করে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ নাকচ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে দুই দিন সরেজমিনে গাড়ি গণনার পর এমন অভিযোগের কোনো ভিত্তি মেলেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
তবে আগামী মঙ্গলবার ভোর ৬টায় সাত দিনের এই গণনা কার্যক্রম শেষ হবে; এরপর অভিযোগের কোনো সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি গাড়ির হিসাব সংরক্ষিত থাকে। তবে সম্প্রতি অভিযোগ ওঠে, এক্সপ্রেসওয়েতে প্রতিদিন প্রায় এক লাখ গাড়ি চলাচল করলেও নিজেদের মুনাফা বাড়াতে কাগজপত্রে গাড়ির সংখ্যা কম দেখাচ্ছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
টোল আদায় নিয়ে এমন দুর্নীতির অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার থেকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল পয়েন্টগুলোতে হাতে-কলমে গাড়ি গণনার কাজ শুরু করেন সেতু কর্তৃপক্ষের কর্মীরা।
দুই দিনের গণনা শেষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানান, রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কম দেখানোর অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত মাত্র ২১ দিন ৮০ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে। ফলে অধিকাংশ সময় ৮০ হাজার বা এক লাখের বেশি গাড়ি চলার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা নাকচ করে দিয়েছেন এই কর্মকর্তা।
সাত দিনের এই বিশেষ গণনা কার্যক্রম আগামী মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে। চূড়ান্ত হিসাব শেষে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।