রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তারা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হোটেলের সামনে অস্থায়ী মুরগির বাজার বসানোকে কেন্দ্র করে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হোটেলের মহাব্যবস্থাপক রাজ্জাককে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন ম্যানেজার নাঈমুর রহমান। দুর্বৃত্তরা তাকেও এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাঈমুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলটির সামনে প্রতি রাতেই অস্থায়ী মুরগির বাজার বসে। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতেও একটি মুরগি হোটেলে ঢোকাকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। হামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা।
নিহত নাঈমুর রহমানের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।