দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি

রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগরের কিছু এলাকায় এক বছরেরও বেশি সময় ধরে গ্যাস সংকট চলছে। যেসব এলাকায় কিছুটা গ্যাস পাওয়া যেত, সেখানেও গত কয়েক দিন ধরে তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কোনো পূর্বঘোষণা ছাড়াই দিনের পর দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

ছবি: একাত্তর

রাজধানীর মান্ডার একটি বাড়িতে ২৬টি পরিবার বসবাস করে। তবে বাড়িটির রান্নাবান্নার পরিবেশ দেখলে মনে হতে পারে, এটি কোনো গ্রামের বাড়ি। এক বছরেরও বেশি সময় ধরে মাটির চুলায় রান্না করছেন বাসিন্দারা। বাসাবাড়িতে কবে নাগাদ তিতাস গ্যাসের সরবরাহ ফিরবে, সে আশা প্রায় ছেড়েই দিয়েছেন তারা। আদৌ গ্যাস আসবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন বাসিন্দারা।

একই চিত্র মানিকনগরেও। দীর্ঘ কয়েক মাস ধরে গ্যাসের তীব্র সংকটের মধ্যে গভীর রাতে কিছুটা গ্যাস পাওয়া যেত। তবে গত আট থেকে দশ দিন ধরে এলাকাটিতে গ্যাসের কোনো সরবরাহ নেই।

কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই দিনের পর দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিয়মিত বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনেক বাসিন্দা আগামীতে আর গ্যাসের বিল না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন মুগদা, মান্ডা ও মানিকনগরের বাসিন্দারা।