মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে চারদিন আগে চট্রগ্রাম থেকে দুইটি ভ্যাসেল বার্জ উইন্স রওনা হলেও এখনো সেগুলো ঘটনাস্থলে এসে পৌঁছেনি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) উদ্ধার কাজের তত্ত্বাবধানে থাকা নৌবাহিনীর ডাইভিং এন্ড স্যালভেইজ ইউনিটের নির্বাহী কর্মকর্তা কমান্ডার ফয়েজ বলেন, আজ সন্ধ্যা নাগাদ স্যালভেজ-১ এবং স্যালভেজ-২ নামে দুইটি বাজ উইন্স ঘটনাস্থলে পৌছবে। আগামীকাল থেকে ফেরি তোলার কাজ শুরু হবে।
আগামীকাল আরো চারটি বাজ উইন্স ফেরি উদ্ধার কাজে যোগ দিবে বলেও জানান তিনি।
এদিকে জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরিদলের প্রধান আবদুর রহমান জানান, গত চারদিনে ডুবুরিরা নদীর তলদেশে ফেরির ভেতরে নজেলিং ও সলিং করে পলিমাটি সরানোর কাজ করেছে। এছাড়া মোটা লোহার তার বল্লি দিয়ে লাগিয়ে দিয়েছে। এখন উদ্ধারকারী ভ্যাসেল বার্জ উইন্স ঘটনাস্থলে পৌঁছলে ফেরিটি তোলার কাজ শুরু হবে।
আরও পড়ুন: একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর চার জনের মৃত্যু
৩১ অক্টোবর বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের সাথে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রায় ৫০ জন জনবলের সহযোগীতায় ছয়টি শক্তিশালী বাজ উইন্স ভ্যাসেলের মাধ্যমে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা হবে বলে জানায় জেনুইন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সকালে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে পণ্য বোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং সাতটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ এর তলা ফেটে পানি ঢুকলে তা নদীতে হেলে পড়ে ডুবে যায়।
একাত্তর/আরএইচ