পর্যটনের শহর কক্সবাজারে কোন সন্ত্রাস, অপরাধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৮ নভেম্বর) কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে পুলিশ সুপার রিজিয়ন কার্যালয়ে বাংলাদেশ ট্যূরিষ্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার একটি পর্যটন শহর। এই শহরে কোন অপরাধ থাকতে পারেনা। এখানে রক্তের হোলি খেলা চলতে পারেনা। এই অপরাধ বন্ধ করতে হবে। পুলিশকেই এই রক্তপাত সন্ত্রাস দমন করতে হবে। তার জন্য যতো কঠিন হওয়া দরকার তার সবটুকুই করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে মানবিকতার খাতিরে। তারা কোন অপরাধে জড়ালে আইন কোনভাবে ছাড দেবেনা। কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: বিদ্যুতস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
যারা বলেছিলেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তাদের বাংলাদেশের ক্রমগত উন্নতি দেখে যাবার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে মন্ত্রী বিকেলে ট্যূরিষ্ট পুলিশের তিনদিন ব্যাপী বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন সৈকতে বর্ণিল র্যালির মধ্য দিয়ে।
এসময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ টুরিষ্ট পুলিশের ডিআইজি মোরশেদুল আনোয়ার প্রমুখ।
একাত্তর/আরএইচ