বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জ শান্তিগঞ্জের ডাবর এলাকায় মাইক্রোবাস এবং ট্রাক সংঘর্ষে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) রাতে প্রায় আটটার পরে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রী দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নোহা মাইক্রোবাসে করে বাড়ির পথে রওনা হন। এরপর রাতে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। 

এতে নোহা মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একাত্তর/ এনএ