জনতার ধাওয়ায় আটক মোটরসাইকেল চোর

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় কৌশলে পালিয়ে যায় চোর চক্রের অপর সদস্য। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যাক্তি ফরিদপুর কোতোয়ালি থানার আলিপুর গ্রামের সামছুর রহমানের ছেলে রাসেল। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে কৃষি অধিদপ্তরের কার্যালয়ের বারান্দায় রাখা একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করা হচ্ছে এমন সন্দেহে স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করে। উপজেলা কোর্ট চত্ত্বর সংলগ্ন ওয়েস্কেল ব্রিজের সামনে গিয়ে মোটরসাইকেলসহ চোরকে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক দেওয়ান শামীমের কাছে তাকে সোপর্দ করে স্থানীয়রা।

আরও পড়ুন: 'জোর করে বিয়ে করা' সেই তরুণীর মামলায় কারাগারে কলেজছাত্র বর

রাসেল তার স্বীকারোক্তিতে জানান, তার সাথে একই এলাকার ইমরান নামে আরো একজন ছিলো। ইমরান দুইদিন আগেই এই মোটরসাইকেলটি টার্গেট করে। মঙ্গলবার দুপুরে অফিসের সবাই খেতে যাওয়ার সময়টা কাজে লাগায় ইমরান। ইমরানই তালা ভেঙ্গে দেয় এবং রাসেল গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অফিসের বারান্দা দিয়ে নামার সময় কয়েকজন তাদের দেখে ধাওয়া দেয়।

এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক দেওয়ান শামীম জানান, রাসেলকে জনগন ধাওয়া করে আটক করে। এসময় তার সহযোগি ইমরান পালিয়ে যায়। তাকে থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


একাত্তর/টিএ