সিরাজগঞ্জের চৌহালিতে পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপ করে শহিদুল ইসলাম (৩৩) নামের এক যুবকের হাত ও পা ঝলসে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তাকে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসিড আক্রান্ত শহিদুল ইসলাম উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের আব্দুল মালেক ছেলে।
শহিদুল ইসলাম জানান, মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত. আজহার আলীর ছেলে মো. ফুলচান অতর্কিতভাবে পেছন থেকে তার শরীরে এসিড ছুড়ে মারে। এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামের শরীরে এসিড নিক্ষেপে করা হয়েছে বলে জেনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পাঁচ কোটি টাকার ফগ লাইট এখন ‘ডেড কেস’
চৌহালী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিফাত শারমিন জানান, ভিকটিমের শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে।
একাত্তর/আরএ