‘জিরো সয়েল’ প্রকল্পে নির্মল রাজশাহী

বিশ্বের সবচেয়ে নির্মল শহরের একটি হিসেবে স্বীকৃত রাজশাহী। এটিকে গোটা দেশের একটি বড় অর্জন বলেই মনে করেন উন্নয়ন বিশেষজ্ঞরা। 

এ অর্জন নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন জানান, চলমান ‘জিরো সয়েল’ প্রকল্পের পাশাপাশি পর্যপ্ত বৃক্ষ রোপনেই নির্মল নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। 

পরিবেশবান্ধব নগরী গড়তে ২০১১ সাল থেকেই ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পের আওতায় এরইমধ্যে ১০ কিলোমিটার সড়কদ্বীপ ছেয়ে দেয়া হয়েছে নানা প্রজাতির সবুজ গাছে। 

এছাড়া নগরীতে ভারী কলকারখানা না থাকা, গণপরিবহন হিসেবে ব্যাটারীচালিত অটোরিক্সার ব্যবহার ও প্রচুর পরিমানে গাছপালা লাগানোয় সবুজের নগরীতের পরিণত হয়েছে রাজশাহী।


এদিকে, সবুজায়নের পাশাপাশি দৃষ্টিনন্দন ও পরিপাটি মহানগরী গড়ে তুলতে রাত্রিকালীন বর্জ্য অপসারণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে বলে জানান সিটি মেয়র। 

আরও পড়ুন: ভূমিহীন হওয়ায় পুলিশের চাকরি হচ্ছে না আসপিয়ার

এমন উদ্যোগগুলোর ফলও মিলতে শুরু করেছে ইতোমধ্যে। তাইতো বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমিয়ে আনতে অনেকটাই সফল এই মহানগরী। 

তবে, এসব অর্জন ধরে রাখতে সিটি কর্পোরেশকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার আহ্বান জানালেন নগর পরিকল্পনাবিদ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুজ্জামান।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ থেকে দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বের যে ১০টি শহরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীর স্থান ছিলো প্রথমে।


একাত্তর/এসজে