তাবলীগে যাওয়ার কথা বলে ২৫ দিন ধরে নিখোঁজ চার যুবক

তাবলীগে যাওয়ার কথা বলে গত ১৫ নভেম্বর বাড়ি থেকে বের হন সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের চার যুবক। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।  

নিখোঁজের ২৫ দিনেও সন্ধান মেলেনি ওই চার যুবকের। 

এমনকি, তাবলীগ জামায়াতের সিলেট মারকাজ অফিসে যোগাযোগ করেও তাদের অবস্থান সম্পর্কে কোন তথ্য পাননি নিখোঁজদের পরিবারের সদস্যরা। এ নিয়ে সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ বলছে, নিখোঁজ যুবকদের অবস্থান নিশ্চিত হতে প্রযুক্তির সহযোগিতায় চেষ্টা চালানো হচ্ছে। তবে, এক্ষেত্রে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের অবস্থান সম্পর্কে ধারনা পেতে সমস্যা হচ্ছে। 

আরও পড়ুন: 'মুরাদকে বিদেশে যেতে সহায়তা করেছেন প্রধানমন্ত্রী'

নিখোঁজ ব্যক্তিরা হলেন জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, ১৫ নভেম্বরের পর সিলেটের দুটি মারকাজ থেকে যতটি তাবলীগ জামাত বের হয়েছে, সেগুলোতেও নিখোঁজ ব্যক্তিদের নাম নেই। যে কারণে রহস্যের সৃষ্টি হয়েছে। 


একাত্তর/এসজে