কিশোরগঞ্জে তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

মহান মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের পরিবারের বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য ফেসবুকে প্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সৈয়দ নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম টিটু। 

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ মডেল থানায় হাজির হয়ে তিনি এ অভিযোগটি দায়ের করেন।

অভিযুক্তরা হলেন সদর উপজেলার বীরবরুল্লা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন মোল্লা বাবুল, একই গ্রামের আ. মন্নাছের ছেলে আসাদুজ্জামান সজল ও খোকনের ছেলে শরীফ বাপ্পী।

অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান, আসামি মোশারফ হোসেন বাবুল মোল্লা বৌলাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। 

আরও পড়ুন: লন্ড‌নে বাংলাদেশ হাইক‌মিশ‌নের সার্ভার অকার্যকর

অভিযোগে তিনি বলেন, গত ২৩ নভেম্বর বাবুল মোল্লা মৈশাখালী এলাকায় নির্বাচনী সভায় প্রকাশ্যে জনসম্মুখে বলেন, ‘সৈয়দ পরিবারের সুযোগ্য সন্তান সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু সাহেবের ছেলে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সাহেব ৫০ লাখ টাকা খেয়ে আওলাদ সাহেবকে মনোনয়ন এনে দিয়েছে’। অপর আসামি আসাদুজ্জামান সজল তার মোবাইল থেকে বক্তব্যটি সরাসরি সম্প্রচার করে এবং শরীফ বাপ্পী তার ফেসবুক আইডি থেকে তাহা শেয়ার করে ভাইরাল করে। এতে সামাজিকভাবে আমার ও আমার পরিবারের ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষুণ্ণ ও আমার পরিবারবর্গের মানসম্মানের উপর আঘাত করেছে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আমার কোনো কর্তৃত্ব নাই জানা সত্ত্বেও তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করে, একই উদ্দেশ্যে উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আমার পরিবারের চরম মানহানি ও ক্ষতিগ্রস্ত করে আসামিরা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধী। 

তবে এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি।


একাত্তর/এসজে