মোংলা বন্দর থেকে নিষিদ্ধ ভলগেট আটক

প্রতীকী ছবি

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে নিষিদ্ধ নৌযানে আমদানি পণ্য পরিবহণের সময় একটি ভলগেট আটক করেছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভলগেটটি আটক করা হয়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সী জানান, মোংলা বন্দরের অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে প্রায় ছয়শ' মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে নিষিদ্ধ এম.বি জামাল নামক ভলগেটটি আশুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে বন্দর চ্যানেলের পশুর নদীর বানীয়াশান্তা এলাকা থেকে আমদানি পণ্য পরিবহণ নিষিদ্ধ এ ভলগেটটি আটক করে বন্দর কর্তৃপক্ষ। 

তিনি আরও জানান, এক হেচবিশিষ্ট এই ভলগেটে পণ্য পরিবহণে নৌপরিবহন অধিদপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে। নিষিদ্ধ একহেচের এ সকল নৌযানে অবৈধভাবে পণ্য পরিবহণের ফলে গত কয়েক মাসে বন্দরের পশুর চ্যানেলে বেশ কয়েকটি ভলগেট ডুবির ঘটনা ঘটেছে। এ ধরণের ভলগেটে শুধুমাত্র বালু পরিবহণের অনুমতি থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে মোংলা বন্দর দিয়ে আমদানি করা পণ্য পরিবহণে তা ব্যবহার করছে। 

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উল্লেখ্য, অবৈধ এ নৌযান ব্যবহারের ফলে গত ১৫ নভেম্বর রাতে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে কয়লা বোঝাই ভলগেট এম.বি ফারদিন-০১ ডুবে যায়। ওই ভলগেটটি এখনও পর্যন্ত দুর্ঘটনাকবলিত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

তবে ডুবন্ত ওই ভলগেট উত্তোলনকারী ঠিকাদার মো. নান্না বলেন, ইতিমধ্যে ডুবন্ত ভলগেট থেকে সব কয়লা অপসারণ করা হয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ভলগেটটি উত্তোলন করে সরিয়ে নেয়া হবে। 


একাত্তর/এসজে