'পকেট কমিটি'র বিরুদ্ধে সড়ক অবরোধ, ছাত্রলীগকে পুলিশের ধাওয়া

মুন্সীগঞ্জ  শ্রীনগর উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি গঠনের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখি লেন অবরোধ করে বিক্ষোভ করে পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

অবরোধের মুখে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকামুখি লেনে আটকা পড়ে অর্ধশত যানবাহন। এসময় পুলিশ এসে ধাওয়া দিলে সড়ক ছেড়ে পালিয়ে যায় অবরোধকারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, কোনো রকম সম্মেলন ছাড়াই গত ১৫ডিসেম্বর গভীর রাতে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক শ্রীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে। গঠনতন্ত্র উপেক্ষা করে সে কমিটিতে যোগ্যদের অ-মূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময় পকেট পকেট গঠনেরও অভিযোগ করেন তারা। দ্রুত ওই কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি তাদের। এ দাবিতেই তারা আজ মাঠে নেমেছিলো। পূর্ব ঘোষিত কর্মসূচি পুরোপুরি শেষ করার আগে পুলিশ তাদের রাস্তা ছাড়তে বাধ্য করে।

আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে পাঞ্জাবে যুবককে পিটিয়ে হত্যা

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মানবন্ধন করবে বলে জানিয়েছিলো। কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল পুলিশ সদস্যরা গেলে তারা দৌড়ে রাস্তা ছেড়ে চলে যায়।  এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।


একাত্তর/এসএ