নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে পড়া শাবলের আঘাতে পথচারী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩৭নং নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা বেগমের নাতি শহরের মাউন্ট রয়েল একাডেমিতে পড়ে। নাতিকে সেখানে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফেরার পথেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডা. মুরাদ ও নাহিদের বিরুদ্ধে আবারও মামলার আবেদন
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরাপত্তা বেষ্টনী না দিয়ে ভবনের নির্মাণ কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।.
ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম। ওপর থেকে একটি শাবল তার মাথার উপর পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।
তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১১ তলাবিশিষ্ট আবাসিক ভবনটির সপ্তম ও অষ্টম তলায় নির্মাণকাজ চলছে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী ছাড়াই।
একাত্তর/টিএ