দেখভালের কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগ থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার পরে কোন একসময় এই ঘটনা ঘটে।

প্রসূতি জাহেদার (৩৬) ছোট ভাই এরশাদ আলী জানান, প্রসববেদনা উঠলে তার বোন রোববার সন্ধ্যায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। 

দুপুরের পর জাহেদা টয়লেটে যেতে যাওয়ার সময় নবজাতক শিশুকন্যাকে তার বোন হাজেরার কাছে রেখে যেতে চান। এ সময় অজ্ঞাত এক মহিলা এসে শিশুটিকে দেখভালের জন্য তার কাছে রেখে যেতে বলেন। হাজেরা সরল বিশ্বাসে নবজাতক শিশুকে ওই মহিলার কাছে দিয়ে প্রসূতি বোনকে টয়লেটে নিয়ে যান। 

আরও পড়ুন: টোকেন দিয়ে মিটার চুরি, উৎপাতে বন্ধ ১৭ চালকল

কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন ওই অজ্ঞাত মহিলা নবজাতককে নিয়ে উধাও হয়ে গেছে। এসময় জাহেদা বেগম তার নবজাতককে ফিরিয়ে দিতে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। 

কোতয়ালী থানার উপপরিদর্শক শামীম জানান, পুলিশে খবর দেওয়ার পর সন্ধা সাড়ে ৭টায় হাসপাতালে পৌঁছে চুরি যাওয়া নবজাতক শিশুকন্যাকে উদ্ধারে তৎপরতা শুরু করে তারা। 

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুকন্যাটি উদ্ধার হয়নি। নবজাতকের পিতা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন মাহাদানি গ্রামের আব্দুল লতিফ। 



একাত্তর/এসজে