চার মাসের শিশুকে হত্যায় প্রতিবেশীর যাবজ্জীবন

চার মাসের শিশুকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিবেশী জহুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম এই রায় প্রদান করেন। রায়ে অভিযুক্ত অপর দুই ব্যক্তিকে খালাস দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল হোসেনের ছেলে। খালাসপ্রাপ্ত দু'জন হলেন নিহতের চাচা জেলজার হোসেন ও চাচী জহুরা খাতুন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌশলী এ্যাডভোকেট (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২২ জুলাই বিকেল পাঁচটার দিকে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজ রহমানের ৪ মাসের শিশু কন্যা সুমাইয়া নিজ বাড়ি থেকে হারিয়ে যায়।

আরও পড়ুন: বাঘের শেষকৃত্যে মানুষের শ্রদ্ধা

খোঁজাখোঁজির পর সন্ধ্যায় বাড়ির উত্তর পাশের ডোবায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত শিশুর মা আছিয়া বেগম প্রতিবেশী তোফেলের ছেলে জহুরুল ইসলাম (৩৪), দেবর হবিবর রহমানের ছেলে জেলজার (৪৬) ও দেবরের স্ত্রী জহুরা বেগমের (৪০) নাম উল্লেখ করে পরদিন জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১৬ জন আসামির স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ এ রায় দেন।


একাত্তর/টিএ