টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ফেন্সিডিল পাচারের সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩'এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০২ বোতল ফেন্সিডিল ও একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার জব্দ করা হয়েছে।
আটকৃকতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহেল রানা (২৮) ও একই জেলার দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪৪)।
আটকের সময় অভিযুক্তদের কাছ থেকে দুটো মোবাইলও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল অবৈধপথে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে এনে টাঙ্গাইলে বিক্রি করতো।
লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আটককৃতদের বিরুদ্ধের নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় মামলা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিলের বাজারমূল্য ৬ লাখ ২ হাজার টাকা।
একাত্তর/টিএ/আরএ