প্রতিটি মানুষের মাঝেই আছে নানা সম্ভাবনা, আছে অফুরান ক্ষমতা। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আইসিটি বিভাগে এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আইসিটি বিভাগের আয়োজনে 'কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিবেউশন' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীসহ আরও অনেকে। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,
প্রতিযোগিতার বিশ্বে নিজেদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে টিকে থাকতে হবে। এ লক্ষ্যে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আইসিটি ও মানবসম্পদসহ নতুন নতুন সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, কুমিল্লায় ইতোমধ্যে বেশ কয়েকটি বড় প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও, কুমিল্লা জেলায় সুপেয় পানি ও সুয়ারেজ সমস্যা সমাধানে কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরি, তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ের তরুণদের মাঝে ব্যাপকভাবে উদ্ভাবনী ধারণাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প’ তথা ‘আইডিয়া’ প্রকল্প কাজ করে যাচ্ছে।
প্রকল্পের আওতায় কুমিল্লা ও এর আশপাশের জেলাগুলোর স্টার্টআপদের জন্য আগামী তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণের আয়োজন চলছে।
একাত্তর/ এনএ