ছেলে, মেয়ে ও নাতির সঙ্গে এইচএসসি পাস সাবেক চেয়ারম্যানের

ছেলে, মেয়ে ও নাতির সাথে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করে তাক লাগিয়ে দিলেন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ৬০ বছর বয়সী সিরাজুল ইসলাম। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে জিপিএ ২.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

১৯৮৭ সালে এসএসসি পাস করলেও দেয়া হয়নি তার এইচএসসি পরীক্ষা। দীর্ঘ ৩৫ বছর পর এইচএসসি (আলিম) পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, এই ফলাফলে তার পরিবারের আরও সাফল্য রয়েছে। ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে  ৪.১৭ পেয়ে ও ছেলে হাফেজ নেছার উদ্দীন আহমেদ চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে জিপিএ  ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থীকে চার ডোজ টিকা

একই সঙ্গে বড় মেয়ে নাজমা আক্তারের ছেলে, অর্থাৎ বড় নাতি নাজমুল হাসান খাগড়াছড়ি সরকারি কলেজ হতে জিপিএ ৪.৬৭ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর এইচএসসি পরীক্ষা (আলিম) পাসের বিষয়ে অনুভূতি জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, এই আনন্দ সীমাহীন। ভাষায় প্রকাশ করতে পারবো না।

ইচ্ছা ও অধ্যাবসায়ের কারণে ছেলে মেয়ে ও নাতির সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছি। পরিবারের সকল সদস্য ও শিক্ষকদের পাশে থাকায় সবার প্রতি তার কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।


একাত্তর/টিএ