উচ্ছেদ করে রাস্তা বড় করার পর আবারো দোকানপাট

খুলনার ডুমুরিয়ার চুকনগরে রাস্তা চওড়ার জন্য দুই বছর আগে সড়কের দুই ধার থেকে উচ্ছেদ করা হয় অবৈধ সব দোকানপাট।

এরপর রাস্তা চওড়া হলেও আবার সেই রাস্তার উপরেই বসানো হচ্ছে দোকানপাট। আর এতে ক্ষুব্ধ এলাকাবাসী, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও।

বলছেন এর ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। তবে জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, বিধি মোতাবেকই সব করা হচ্ছে।

খুলনা, যশোর এবং সাতক্ষীরা, এই তিন জেলার সীমান্ত এলাকা চুকনগর। খুলনা বিভাগীয় সদর, সাতক্ষীরা ও যশোর জেলা সদর অনেকটাই সমান দূরত্ব এখান থেকে।

আর ব্যস্ততম এই এলাকা যানজট মুক্ত রাখতে রাস্তার সাথের সব অবৈধ দোকানপাট দু’বছর আগে উচ্ছেদ করেছিলো জেলা পরিষদ। এতে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির আকার বেড়ে হয় দ্বিগুণ।

কিন্তু এখন আবার সেই জায়গাতেই মার্কেট বানাচ্ছে, জেলা পরিষদ। আর এতে ক্ষুব্ধ এলাকার মানুষ। সেই সঙ্গে দ্রুত সড়কের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানিয়েছেন।

মার্কেট নির্মাণে ফলে তিন জেলার এই সীমান্তবর্তী সড়কটির চওড়া কমে দাঁড়াবে ১৮ ফুটের মতো। আর এতে এখানে ভয়াবহ যানজট হবে বলে জানান এলাকাবাসী।

আরও পড়ুন: ইছামতি খাল পাড়ের সাড়ে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

তবে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ জানান বিধি মোতাবেকই কাজ করছেন তারা। সব ধরনের অনুমতি নিয়েই স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

চুকনগরের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে বিশ হাজার যানবাহন। যার সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

একাত্তর/আরএ