খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পাবলা কুলবাগান এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম জলিল মুন্সি (৪৫)। তিনি দৌলতপুরের কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে এবং স্থানীয় ইস্পাহানি জুট প্রেসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জলিল মুন্সি কুলিবাগান এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিনজনের একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পর পর দুটি গুলি চালানো হয়। একটি গুলি তার বুকে এবং অন্যটি পিঠে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই দৌলতপুর থানা-পুলিশ স্থানীয় পথচারীদের সহায়তায় হামলাকারী দলের অন্যতম সদস্য রাসেল ওরফে পিচ্চি রাসেলকে একটি পিস্তলসহ হাতেনাতে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাত্র ১৫ দিন আগে একটি মামলায় আদালত থেকে জামিনে বের হয়েছেন। তবে ঠিক কী কারণে বা কোন শত্রুতায় এই হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানা-পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
