সিরাজগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে একজনের বয়স্কভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী টাকা ফেরত পেতে বিভিন্ন দরজায় কড়ানাড়লেও এখনও কোনো সুরাহা হয়নি।
ভুক্তভোগীর নাম শহীদ। তিনি জেলার তাড়াশ উপজেলার এক নং তালম ইউনিয়নর বড়ইচড়া গ্রামের বাসিন্দা।
অভিযুক্তের নাম মো. আলামিন কায়েস। তিনি তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শহীদ জানান, বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দিতে আলামিন তার কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবি নেয়। পরে যোগাযোগ করলে কার্ড এখনও হয়নি বলেও জানায়। কিন্তু এক পর্যায়ে চলতি মাসের ছয় তারিখে তাকে ডেকে নিয়ে ভাতার কার্ড আর এক হাজার টাকা হাতে ধরিয়ে দেয়।
শহীদ বইটি অন্যদের দেখিয়ে জানতে পারেন, এর আগে এই ভাতার বই ব্যবহার করে তিনবারে ৯ হাজার টাকা তোলা হয়েছে। কিন্তু বাকি টাকা চাইতে গেলে আলামিন তাকে ভাতার কার্ড বাতিলের হুমকি দেন এবং বলেন অফিস ম্যানেজ করতে বেশ কিছু টাকা খরচ হয়েছে। তাই ওই টাকা ফেরত দেওয়া সম্ভব না।
পরে শহীদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা বরাবর টাকা ফেরতের ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।
তবে আলামিন বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কাজের সঙ্গে আমি জড়িত নই। আর শহীদের সঙ্গে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে কী মীমাংসা হয়েছে, তার কোনো সদুত্তর দেননি আলামিন।
তিনি দাবি করে বলেন, স্থানীয় একটি কোন্দলকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এমন অপপ্রচার চালাচ্ছে।
আরও পড়ুন: একদিনে করোনা টিকা পেলেন এক কোটি ২০ লাখ মানুষ
এ ব্যাপারে তাড়াশ উপজলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলন, অভিযোগের কপিটি হাতে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগী আবেদন করার তার নির্দেশের অপেক্ষায় আছি। তবে টাকা তোলার বিষয়টি নিশ্চিত হতে রোববার ব্যাংকে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একাত্তর/এসি