চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরের অবকাঠামো নির্মাণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্যরা। অনশনে ৩০ জন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে রহনপুর রেল স্টেশন প্লাটফর্মে এ অনশন কর্মসূচি শুরু হয়। অনশনকারীদের পাশে অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসীরাও।
এর আগে ১ মার্চ একই দাবিতে বিক্ষোভ মিছিল শেষে আমরণ অনশনে যাওয়ার কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা।
রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হোদা খান রুবেল জানান, রেল বন্দরের অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ
অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক মেয়র তারিক আহমদ, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী প্রমুখ।
প্রসঙ্গত, রহনপুরে রেলবন্দর বাস্তবায়নের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি মানববন্ধন, ১ মার্চ বিক্ষোভ মিছিল ও ৩ মার্চ অবস্থান ধর্মঘট পালন করা হয়।
একাত্তর/এসি