চট্টগ্রামের রেল কর্তৃপক্ষের নিজস্ব বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে নেয়া সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক প্রকৌশলীসহ ১০ জন।
আহতরা জানান, সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে গোয়ালটুলি এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহসহ কয়েকজন।
এ সময় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হন। পরে দ্রুত তাদের সিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন— সিনিয়র সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত উল্লাহ, ইলেক্ট্রিক ফিটার মিজানুর রহমান, ইলেক্ট্রিক খালাসী রফিকুল ইসলাম, সুজন দাশ, আবুল কাশেম, কামাল ও লাইনম্যান ইফতেখার উদ্দিন মেহেদী। এদের মধ্যে এনায়েত উল্লাহ গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: চলতি মাসেই মশার উৎপাত চরমে যাবার আশঙ্কা
চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহম্মদ গণমাধ্যমকে বলেন, রেলওয়ের অনেক জায়গায় অবৈধভাবে দখল করে ঘরবাড়ি তুলে বসবাস করছে একটি চক্র। সেগুলোতে আবার রেলওয়ে থেকে অবৈধভাবে বৈদ্যুৎ সংযোগ নিয়ে রেখেছে। এগুলো বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছি আমরা। তারই ধারাবাহিকতায় আজ অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে গোয়ালপাড়া এলাকায় যান রেলওয়ের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা। এ সময় কিছু অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে। পরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীরা সংঘবদ্ধ হয়ে রেলকর্মীদের ওপর হামলা করেছে। হামলাকারীরা লাঠিসোটা নিয়ে রেলকর্মীদের ওপর আক্রমণ করে। এতে রেলের সাত জন কর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় আহত রেলকর্মীদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজামত উদ্দিন বলেন, রেলওয়ে কর্মীদের ওপর হামলার কথা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পুলিশ রেলওয়েকে সহযোগিতা করবে বলে জানান এ কর্মকর্তা।
একাত্তর/এআর