চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী জানে আলম ওরফে ডাকাত আলম, আজিজ বসসহ কয়েকজন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে পুলিশের ১২ সদস্য আহত হন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দিলদার হোসেন নামের এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করতে পারলেও বাকি সহযোগীরা পালিয়ে যান। পরবর্তীতে তার হেফাজত ও দেখানো স্থান থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা ও দুটি কটি উদ্ধার করা হয়।
সাংবাদিক সম্মেলনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেপ্তার দিলদারসহ পলাতক সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
