কুমিল্লায় সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য তুলে বেশি খুচরা মুল্যের স্টিকার লাগিয়ে বিক্রির দায়ে নগরের চকবাজার ও ঢুলি পাড়া এলাকার তিন দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
সয়াবিন তেলের দাম বৃদ্ধির সুযোগে কুমিল্লার বিভিন্ন এলাকায় বোতলের গায়ের মূল্য তুলে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। আবার কোথাও কোথাও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য তুলে নিজেদের মতো করে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করছে দোকানিরা।
এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ মার্চ) কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অভিযোগের সত্যতা মিলে কুমিল্লার নগরের পাইকারি বাজার চকবাজার ও ঢুলিপাড়া এলাকার তিন দোকানে। এসময় তিন দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণের ঢুলিপাড়া এবং সদরের চকবাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একাত্তর/এসএ