নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেনকে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আসামিকে ধরতে এ সময় কৃষক ও দিনমজুরের ছদ্মবেশ ধারন করে পুলিশ।
রোববার (১৩ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত আলমগীর হোসেন চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।
পুলিশ জানায়, আলমগীর হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করতে থাকে এবং সুযোগ বুঝেই তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ইরবিলে মার্কিন কনস্যুলেটে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ই মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আলমগীর হোসেন ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
একাত্তর/আরবিএস