ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেরপুরে ড্রাম ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৪০) না‌মে এক মোটরসাইকেল চাল‌ক নিহত হ‌য়ে‌ছেন। 

সোমবার (১৪ মার্চ) ভোরে শহরের চাপাতলী এতিমখানা মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত নুরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত মত শেখের ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। 

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলযোগে জেলা শহরের খরমপুর থেকে কসবা কাচারীপাড়া শ্বশুরবাড়িতে ফিরছিলেন নুরুল ইসলাম। 

এসময় তিনি চাপাতলী এতিমখানা মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তা‌কে চাপা দেয়। 

আশপাশের লোকজন গুরুত্বর আহত অবস্থায় তা‌কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খাইরুল কবীর সুমন জানান, নুরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মর‌দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে আছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ বলেন, পু‌লিশ ঘটনাস্থল থে‌কে নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ ক‌রে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, শেরপুরের পাঁচ উপজেলায় ট্রলি, ভটভটিসহ বেপরোয়া ঝুঁকিপূর্ণ সব ধরণের গাড়ী প্রধান সড়কে চলা নিষিদ্ধ। তারপরও যারা রাতের আঁধারে এসব যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ব‌লেন, জেলায় সকল থানার ওসি‌দের নির্দেশ দেওয়া আছে যেনো ড্রাম ট্রাক, ট্রলি, ভটভটিসহ ঝুঁকিপূর্ণ গাড়ী প্রধান প্রধান সড়কে চলতে না পারে।


একাত্তর/এসজে