রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত তিন

রাজবাড়ীতে দ্রুতগতির একটি ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর নতুন সড়ক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহেন্দ্র চালক সুজন শেখ, যাত্রী সাইফুল শেখ ও যাত্রী সেনা সদস্য মোমিন প্রামাণিক। নিহতরা সকলেই রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি পণ্যবাহী ট্রাক আহলাদিপুর নতুন সড়ক এলাকায় এলে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ওই মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্রর চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: ছুটিতে সাজেকে পর্যটকের স্রোত, তাঁবুতে রাত্রিযাপন

আহলাদিপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. রাজিব মিয়া জানান, আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। মরদেহ প্রক্রিয়া শেষে রাজবাড়ী নিয়ে আসা হবে। 


একাত্তর/এসি