বঙ্গবন্ধুর ম্যুরালে মাহফিলের পোস্টার, একজনকে জিজ্ঞাসাবাদ

সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধুর ম্যুরালে মাহফিলের পোস্টার সাঁটানোর ঘটনায় রেজাউল করিম নামের এক কওমি মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক নিশ্চিত করেছেন।  

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ মার্চ) গভীর রাতে, উপজেলার তাড়াশ সদরের তাড়াশ-মহিষলুটি সড়কের সম্প্রতি নির্মাণ করা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় শিশু দিবসে অনুষ্ঠান থেকে ফেরার পথে বিষয়টি পথচারীদের নজরে আসে এবং মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

খোঁজ নিয়ে জানা যায়, তাড়াশ সদরের তাড়াশ-মহিষলুটি সড়কের তাড়াশ আধুনিক ডাকবাংলোর অদূরে সম্প্রতি নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এ কমপ্লেক্সের সামনে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল।

ওই ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কে বা কারা চরমোনাইয়ের পীরের ইসলামী জলসা ও হালকায়ে যিকিরের একটি পোস্টার সাঁটায়।

সাঁটানো পোস্টার থেকে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন বামুক ও আই.এ.বি তাড়াশ শাখার উদ্যোগে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাড়াশ ফাজিল মাদ্রাসা সংলগ্ন (নতুন) মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরের আয়োজন করা হয়েছে। আর ওই মাহফিলে প্রধান অতিথির নাম দেয়া হয়েছে চরমোনাইয়ে পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের।

এদিকে ঘটনাটি জানাজানি হলে, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। 

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ শাখার সাধারণ সম্পাদক, তাড়াশ পৌর সদরের বাসিন্দা আমিরের ছেলে রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে পুলিশ তার থানা সদরের বাড়ি থেকে থানায় নিয়ে যায়। 

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, এ ঘটনার প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ শাখার সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। 

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, 'এটি একটি জঘন্যতম ঘটনা। জাতির জনকের প্রতি এহেন অন্যায়কারীদের কোন ছাড় দেয়া হবে না। আমি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার ও ওসি তাড়াশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।' 


একাত্তর/এসজে