পটুয়াখালীর বাউফলের কাছিপাড়ায় ইটবোঝাই ট্রলি চাপায় মারা এক গৃহবধূর (৩৫) মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রলিটি জ্বালিয়ে দিয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল পৌনে দশটায় কাছিপাড়া বাজারের উত্তর পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পোড়া ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় কাছিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, কাছিপাড়া গ্রামের দুলাল ফরাজীর স্ত্রী দুই সন্তানের জননী শিল্পী বেগম বাহেরচর থেকে কাছিপাড়ার দিকে আসার পথে বাজারের উত্তর পাশে পিছন থেকে ইটবোঝাই ট্রলি ধাক্কা দেয়। এতে শিল্পী বেগম অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
সাব ইন্সপেক্টর মাধব চন্দ্র জানান, দুর্ঘটনার পর ট্রলি রেখে চালক পালিয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই জনতা ট্রলিটি পুড়িয়ে দেয়। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
একাত্তর/আরএ