কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্তকৃত আরও দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ মার্চ) সকালে নগরীর পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৩ মার্চ নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়।
ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত দুইজনকে দুটি রামদাসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হচ্ছেন, নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে আবু হানিফ ওরফে অপু (২৮) এবং চকবাজার এলাকার মৃত সুলতানা আহমেদ এর ছেলে শরিফুল ইসলাম সুমন (৪০)।
আরও পড়ুন: যুবকের ট্রেনে কাটা পড়া মরদেহ উদ্ধার
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, অপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১১টি মামলা রয়েছে এবং অপর আসামি সুমনের বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এদিকে ওই ঘটনার পর থেকে গত এক সপ্তাহে ঘটনার মূল হোতা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো রাজ্জাকসহ আটজনকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব এবং পুলিশ।
একাত্তর/এসজে