ফ্যা‌নের সা‌থে ঝুল‌ছি‌লো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

দিনাজপুরে একটি ছাত্রাবাস থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফ্যা‌নের সা‌থে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লুমুন ছাত্রাবাস থেকে মিজানুর রহমান পলাশ নামে ওই শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। 

ধারনা করা হ‌চ্ছে প্রেমঘ‌টিত বিষ‌য়ে রাগা‌ন্বিত হ‌য়ে আত্মহত্যা করেছেন পলাশ। পলা‌শের এমন মৃত্যু‌তে বিশ্ব‌বিদ্যাল‌য়ে নে‌মে এসেছে শো‌কের ছায়া।

বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শেষ ব‌র্ষের শিক্ষার্থী ছিলেন পলাশ৷ তাঁর বা‌ড়ি গাজীপুর জেলায়। 

ব্লুমুন আবা‌সিক ছাত্রাবাসের মা‌লিক রেজাউল ইসলাম জানান, পাঁচতলা ছাত্রাবাস‌টির দ্বিতীয় তলায় থাক‌তেন পলাশ। রাত প্রায় বা‌রোটার সময় এক মে‌য়ে ফো‌নে জানায় যে মে‌সে পলাশ না‌মের একজন থা‌কে। তার বাসা থে‌কে ফোন দি‌চ্ছে কিন্তু সে ফোন ধর‌ছে না। 

এর কিছুক্ষণ প‌রে মে‌সের অপর এক ছাত্র জানায় পলাশ গলায় দড়ি দি‌য়ে ফাঁস দি‌য়ে‌ছে।‌ 

তার কক্ষের দরজা ভিতর থে‌কে লাগা‌নো থাকায় দরজা ভে‌ঙ্গে ভিত‌রে ঢু‌কে পলাশের মরদেহ খুঁজে পান। প‌রে পু‌লি‌শকে অব‌হিত কর‌লে রাত দেড়টার সময় পলা‌শের লাশ পু‌লিশ থানায় নি‌য়ে যায়।

ছে‌লের মৃত্যুর সংবাদ পে‌য়ে রা‌তেই গাজীপুর থে‌কে দিনাজপু‌রের উদ্দেশ্যে রওনা করেন আব্দুস সাত্তার। মু‌ঠো‌ফো‌নে কথা হ‌লে জানান, তি‌নি গাজীপু‌রে সমরাস্ত্র কারখানায় কর্মরত আছেন। এক ছে‌লে দুই মে‌য়ে নি‌য়ে তার সংসার।

গত রোববার বা‌ড়ি থে‌কে বিশ্ব‌বিদ্যাল‌য়ে যান পলাশ। শুক্রবার রাত ৯টায় ছে‌লের সা‌থে ফো‌নে কথা হয় বাবার। ভা‌লোমন্দ খোঁজ নি‌য়ে‌ছেন। রাত সা‌ড়ে বা‌রোটার সময় জান‌তে পা‌রেন ছে‌লে আত্মহত্যা ক‌রে‌ছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর মামুনুর র‌শিদ ব‌লেন, শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প‌রে পু‌লিশ‌কে অব‌হিত ক‌রি। 

পলাশের মৃত্যুর কারণ এখনও জানা যায়‌নি। ত‌বে ধারনা করা হ‌চ্ছে কোন বিষ‌য়ে প্রচণ্ড অভিমান ক‌রে এই ঘটনা ঘটা‌তে পা‌রেন পলাশ।

আরও পড়ুন: প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, আরও দুইজন গ্রেপ্তার

দিনাজপুর কোতোয়ালি থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) মো আসাদুজ্জামান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে যাই। মর‌দেহ উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হয়। হাসপাতালে নেয়ার অনেক আগেই তার মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে চিকিৎসক নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের রি‌পোর্ট পে‌লে স‌ঠিক কারণ জানা যা‌বে। নিহ‌তের স্বজনদের সা‌থে কথা ব‌লে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।


একাত্তর/এসজে