বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে চার হাজার লিটার অবৈধ ডিজেলসহ চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার (২০ মার্চ) ভোরে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। এসময় দু’টি নৌকাসহ ব্যারেলে ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। আটক করা হয় চোরাচালানি সিন্ডিকেটের দুই সদস্যকে।
আটকৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাংগা গ্রামের আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১) এবং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার গাংচিল গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর আলম (৫৩)।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম মামুনুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা পশুর নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা দু’টি নৌকা জব্দ করে। ওই দু’টি নৌকা তল্লাশী করে ব্যারেল ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এসময় চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়। ওই সিন্ডিকেটের কয়েকজন সদস্য নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিজেলসহ আটক দুইজনকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
একাত্তর/এসএ