পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ১২ মন ফাইসা মাছের পোনাসহ আট জেলেকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এসময় জব্দ করা হয় মাছ পরিবহনের একটি ট্রলার। রোববার (২০ মার্চ) রাতে কুয়াকাটা সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, উদ্ধার করা পোনার সংখ্যা প্রায় ১০ লাখ। ট্রলারে করে এগুলো পাচার করার সময় পুলিশ এ চালানটি আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা মাছের পোনা খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে।
মহিপুর থানার এস আই রাসেল সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সাগরে দীর্ঘসময় ধাওয়া করে ট্রলারটি আটক করেন। গ্রেপ্তার করেন মাছ পাচারে জড়িত হযরত আলী , আরিফুল ইসলাম , রিপন হোসেন, মঈনউদ্দিন, আইয়ুব আলী, একরামুল, মনজু ও মামুনকে । তাদের সবার বাড়ি খুলনার বিভিন্ন উপজেলায়।
সোমবার গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।
কুয়াকাটার চর বিজয়সহ বিভিন্ন নদী থেকে এসব পোনা শিকার করে সাতক্ষীরা এলাকায় বিক্রি করতে চেয়েছিলো গ্রেপ্তার জেলেরা। এভাবে দীর্ঘদিন ঘরে অবৈধ নেট জাল ব্যবহার করে জেলেরা ফাইসা পোনা শিকার করে আসছে। এ অবৈধ নেট ব্যবহারের ফলে ইলিশ ও চিংড়িসহ বিভিন্ন মাছের লাখ লাখ পোনা মারা যায়। এসব অসাধু জেলেদের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাদের থামানো যাচ্ছে না।
একাত্তর/এসএ