শেরপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও চার যাত্রী।
শনিবার (২৬ মার্চ) জেলা সদরের তাতালপুর বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যের নাম হুমায়ুন কবির ওরফে হান্নান (২১)। তিনি শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার শাহা আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির শেরপুর শহর থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে গড়জরিপা যাচ্ছিলেন। এসময় ঝিনাইগাতী রোডের তাতালপুর (আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে) এলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হুমায়ুন, আহত হন সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী। পরে আহতদের উদ্ধার জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়লো ১৪ দোকান
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসি