পাবনায় টিকাদান কেন্দ্রে বখাটেদের হামলায় টিকা নিতে আসা রানা হোসেন (১৫) নামের এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রানা উপজেলার চরতারাপুর গ্রামের খলিল মোল্লার ছেলে। সে হেমায়েতপুরে তার দুলাভাই শরীফুল প্রামাণিকের বাড়িতে থেকে শহরের একটি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষে অধ্যয়নরত।
পুলিশ ও আহত রানা হোসেন জানায়, সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয়দিনে টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় টিকা নিতে আসা রানা হোসেনের সাথে তার সমবয়সী কয়েকজন কিশোরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোররা।
এ সময় বেশ কিছু সময় টিকাদান বন্ধ ছিল। আহত রানা হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও, জড়িত কাউকে আটক করতে পারেনি। বেশ কিছু সময় টিকা প্রদান বন্ধ থাকার পরে পুনরায় কার্যক্রম শুরু করা হয়।
আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, টিকা গ্রহণের লাইনে দাঁড়ানো নিয়ে সহপাঠী বা বন্ধুদের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রানা হোসেনকে ছুরিকাঘাত করেন তারা।
একাত্তর/আরএ