কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনায় কৃষিযান্ত্রীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ভর্তুকি মাধ্যমে এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের চার জন কৃষককে ২২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের তিনটি কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়। কৃষিযন্ত্রগুলোর দাম ৩০ শতাংশ কৃষক এবং ৭০ শতাংশ কৃষি বিভাগ ভর্তুকি হিসেবে দিয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান কৃষকদের হাতে কৃষিযন্ত্রগুলো তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিরীনা খাতুন ও কৃষি কর্মকর্তা আকলিমা বেগম উপস্থিত ছিলেন।
এ সময় কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, ভর্তুকি মাধ্যমে এই কৃষিযন্ত্র ধারাবাহিকভাবে বিতরণ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় এর আগেও বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষক ও কৃষি বিভাগের যৌথ অংশীদারিত্বে এইসব যন্ত্র বিতরণ করা হচ্ছে। কৃষিকে আধুনিকরণ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
আরও পড়ুন: জ্ঞান হারানো ছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতক গ্রেপ্তার
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকার কৃষির উন্নয়নের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম হলো ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ। এর লক্ষ্য হলো- কৃষি ফসল দ্রুততম সময়ের মধ্যে ঘরে তোলা, প্রক্রিয়ার সময় কম লোকসান হওয়া, শ্রমিকের ঘাটতি পূরণ করা। সর্বোপরি কম খরচে ফসল উৎপাদন করা।
একাত্তর/এসি