একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ ও বাঁধের ধ্বস ঠেকাতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার বিকালে (৮ এপ্রিল) বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর কাজ শুরু হয়।
জামালপুর পান্নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ জানান, উজানের পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকায় যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের ২০ মিটার অংশে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের বিষয়টি নজরে আসার সাথে সাথে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। তিনি জানান, নতুন করে আর ভাঙ্গনের হুমকী নেই।
উল্লেখ্য, ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুাঠাইল হার্ডপয়েন্টের মাঝে ৯০ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫০ কিলোমিটার যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১৮ সালে শুরু হয়ে জুন ২০২০ সালে শেষ হয় প্রকল্পের কাজ। নতুন তীর রক্ষা বাঁধের ২০ মিটার অংশ ধ্বস নামে গত বৃহস্পতিবার সকাল থেকে।
একাত্তর/এসএ