ফেনীতে পুলিশের একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। তাকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে শহরের রামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মোতাহের বিল্লাহ। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কোমার ডোবা এলাকার আবদুর রহিমের ছেলে।
আহত পুলিশ সদস্যের নাম আসাদুল ইসলাম। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে মহাসড়কে যানজট নিরসন ও নিরাপত্তায় নিয়োজিত চলন্ত পুলিশ পিকআপকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পুলিশ পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভ্যানে থাকা কনস্টেবল মোতাহের হোসেন ও আসাদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোতাহের মারা যান।
আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আবদুস সামাদ জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি