ছদ্মবেশে মন্দিরে ঢুকে ছিনতাই, দুই নারী আটক

কুড়িগ্রামে একটি কালী মন্দিরে নারী ভক্তদের গায়ে থাকা অলঙ্কার ছিনতাইয়ের সময় দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভক্তরা।

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলার নাগেশ্বরী উপজেলার মাদাইখাল কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর এলাকার আছমা বেগম (৪৫) ও রেশমা খাতুন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই নারী শাখা-সিঁদুর পড়ে মন্দিরে প্রবেশ করেন। সেখানে সুযোগ বুঝে মন্দিরে আগত নারীদের গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করতে থাকেন।

তারা বলেন, বিকেল থেকে মন্দিরে পূজা-অর্চনা চলছিল। এসময় মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড় হয়। হঠাৎ সেখান থেকে কয়েকজন নারী তাদের স্বর্ণালঙ্কার হারিয়ে গেছে বলে কান্না শুরু করেন।

মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও দুই নারীর গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সময় দুইজন নারী ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলা হয়। তাদের জনরোষ থেকে বাঁচাতে কমিটির হেফাজতে নেয়া হয়। পরে নাগেশ্বরী থানা পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: ব্যবসায়ী অপহরণে স্বেচ্ছ‌সেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ছয় 

মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার বলেন, শনিবার পূজার অষ্টমী ও শেষ দিনে মন্দির ভক্তের সমাগম ঘটে অনেক বেশি। এ সুযোগ কাজে লাগিয়ে ভক্তের ছদ্মবেশে ভেতরে ঢুকে ওই দুই নারী ছিনতাই করছিলেন। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি