ঈদকে সামনে রেখে মাঝিরঘাটে আরো একটি ফেরিঘাট

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে শরীয়তপুরের মঙ্গল মাঝিরঘাটে আরো একটি ঘাট নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

পাশাপাশি ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

সোমবার সকালে মাওয়া ঘাট পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাবাজার ও মাঝিরকান্দিসহ দুটি ঘাট দিয়ে সব ধরনের যানবাহন পারাপার হয়।

পদ্মা সেতুর নিরাপত্তার কারণে রাতের বেলা বাংলাবাজার ফেরিঘাট বন্ধ থাকে। ঈদে মানুষ ও যানবাহনের চাপ সামলাতে মাঝিরকান্দিতে আরো একটি ঘাট নির্মাণ করা হবে।

আর শুধু ঈদের সময়ে তিনটি ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারের পরিকল্পনা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান।

ঈদকে সামনে রেখে এরিমধ্যে শরীয়তপুরের মঙ্গল মাঝিরঘাটে বেড়েছে গাড়ির চাপ। সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিলে জাজিরার মঙ্গল মাঝিরঘাটে এই চাপ দেখা দেয়।

মঙ্গল মাঝিরঘাটে ফেরি কম চলাচল করার কারণে যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের। সাত থেকে নয় ঘণ্টা ঘাটে অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছে না যানবাহন।

এ পরিস্থিতিতে আরো একটি ফেরিঘাট নির্মাণ করা হলে ঈদের সময়ে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কম হবে বলেই মনে করছে বিআইডব্লিউটিএ।




একাত্তর/এসজে/এসএ