ঈদযাত্রায় শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকে ঘরমুখো মানুষের ঢল নামে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। ভোররাতে ঘাটে এসে কয়েক ঘণ্টা অপেক্ষার পরও পার হতে না পেরে ভোগান্তিতে পরে যাত্রীরা।
পার হবার অপেক্ষায় ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত ঘাটে পাঁচ শতাধিক ব্যক্তিগত গাড়ি আর কয়েক হাজার মোটর সাইকেল সারি বাঁধে।
মোটর সাইকেলে সহজে পার হতে পারার আকাঙ্ক্ষা নিয়ে ঘাটে এলেও, এখানেও অপেক্ষা করতে হয় কয়েক ঘণ্টা। তবে সকাল ১০ টার পর মোটর সাইকেল ও গাড়ির সংখ্যা কমতে থাকে।
যাত্রী ঢল থামেনি লঞ্চ ঘাট এলাকায়। ঘাটে প্রবেশ পথের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাটা সার্ভিসে আসা যাত্রীদের ঘাট এলাকা থেকে দুই কিলোমিটার আগে নামিয়ে দেওয়ার ফলে ব্যাগ ব্যাগেজ নিয়ে পায়ে হেঁটে দুর্ভোগ নিয়ে ঘাটে পৌঁছাতে হয় তাদের।
পুলিশ সুপার আব্দুল মোমিন বলেন, মোটর সাইকেল পারাপারের জন্য আলাদাভাবে এক নং ফেরি ঘাটটি নির্ধারণ করে দেওয়ায় ঘাটে শৃঙ্খলা ফিরে আসে।
তিনি আরও বলেন, যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে আইনশৃঙ্খলা বাহিনীর তিনশতাধিক সদস্য কাজ করছেন।
একাত্তর/জো