বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সেই সঙ্গে নৌ রুটে চলাচলরত লঞ্চগুলোকে নিরাপদে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
শিমুলিয়া ঘাটের পোস্ট অফিসার শাহাদাৎ হোসেন জানান, নদী বন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বলবত থাকা এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সব ধরনের লঞ্চ চলাচল সন্ধ্যা সাত থেকে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়া লঞ্চযাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে বিআইডব্লিউটিস’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, লঞ্চ বন্ধ হলেও ওই নৌরুটে সাতটি ফেরি সচল রয়েছে।
বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ বলেন, সন্ধ্যা সাতটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যেকোনো সময় ঝড় শুরু হতে পারে এমন আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: বাড়ি ফেরা হলো না যুবকের, রাস্তায় পড়ে থাকলো ঈদের বাজার
ফরিদ আরও জানান, লঞ্চ বন্ধ থাকলেও ফেরি চালু আছে।
একাত্তর/এসি