নলছিটিতে ভিজিএফের চাল গোপনে বিক্রির অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে ঈদ উপলক্ষে সরকারের দেয়া ভিজিএফের চাল গ্রামের চৌকিদার ও এক চাল ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে শনিবার (৩০ এপ্রিল) সকালে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। কিন্তু সেই চাল থেকে একটন পরিমান গোপনে বিক্রি করা দেয়া হয় স্থানীয় চৌকিদার আয়নাল হক ও ধান-চাল ব্যবসায়ী ইউসুফ হাওলাদারের কাছে। 

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের বাড়িতে গিয়ে রাতে ওই চাল উদ্ধার করে। খবরে পেয়ে পুলিশ এসে চাল জব্দ করে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের একটি চক্র এ চাল বিক্রি করেছে বলে চৌকিদার  আয়নাল হক ও ধান-চাল ব্যবসায়ী ইউসুফ হাওলাদার স্বীকার করেন। 

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক দাবি করেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী জানান, চাল জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

জানা গেছে, নলছিটির ভৈরবপাশা ইউনিয়নে ঈদ উপলক্ষে মোট দুই হাজার ৩৬৬ জন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য প্রায় ২৪ টন চাল বরাদ্দ হয়। উদ্ধারকৃত ওই চালের পরিমাণ প্রায় ৪৫০ কেজি।


একাত্তর/জো