নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়া ট্রাকের চাপায় নিহত দুই

পাবনায় তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে এক মোটরসাইকেল চালক ও ট্রাকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা অন্তত তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ মে) সকালে জেলার ঈশ্বরদী উপজেলার কুষ্টিয়া-দাশুড়িয়া মহাসড়কের সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান বিজয় (২০)। তিনি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চর-মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে।

এদিকে নিহত ট্রাকের সহকারীর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। 

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সান্যাল জানান, তরমুজ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ট্রাকটির নিচে চাপ পড়ে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ট্রাকটি জব্দ করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে আলাদা দুর্ঘটনায় দুই জন নিহত

তিনি আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 


একাত্তর/এসি