রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৪ মে) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম এলাকায় এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- মো. শিহাব (২১) ও আবু বক্কর সিদ্দিক (৫৩)।
শিহাব নারায়ণগঞ্জের খানপুর এলাকার মো. সাইফুল ইসলাম ছেলে। তিনি তুলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
অন্যদিকে আবু সিদ্দিকের বাড়ি বান্দরবান জেলায়। তিনি দারুস সালাম আলিয়া মাদরাসার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন এবং ওই এলাকার একটি মেসে থাকতেন।
দারুস সালাম এলাকায় নিহত আবু বক্কর সিদ্দিকের ছেলের বন্ধু রাশেদ জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। সেখান থেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে শিহাবের মামাতো ভাই মাসুদ করিম জানান, শিহাব মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ি থানার ধোলাইখালের দিক থেকে হানিফ ফ্লাইওভারে ওপরে উঠে দুর্ঘটনায় শিকার হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আরও তিন
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ পরিদর্শক মো. আব্দুল খান জানান, পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে দু’জনকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিনি জানান, যাত্রাবাড়ির ঘটনায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন। দারুস সালামের ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/এসি
