সরকারি গাড়ি চাপায় নিহত সাংবাদিক সোহেলের পরিবারের শোক কাটেনি

শোক কাটেনি সাংবাদিক ও স্কুল শিক্ষক সোহেল আহমেদ জীবনের পরিবারে। কখনও চলছে বিলাপ আবার কখনও শোকের নিস্তব্ধতা।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন যেনো অথৈ সাগরে পড়েছেন সোহেলের স্ত্রী জলি বেগম। কিভাবে চলবে তাদের সংসার তাই ভেবে চোখে অন্ধকার দেখছেন স্বজনরা।

সোমবার (৯ মে) নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সরকারি গাড়ির চাপা পড়ে মারা যান সাংবাদিক ও শিক্ষক সোহেল আহমেদ জীবন।

চার বছর বয়সী কন্যা সামিয়া জান্নাত আর ১১ বছর বয়সী ছেলে সন্তান সিয়াম বুঝতেই পারছেনা তাদের জীবন থেকে বাবা হারিয়ে গেছে। বাবা হারানো সন্তানদের ছলছল চাহুনি দেখে কাতর হচ্ছে প্রতিবেশী আর স্বজনরাও। সবার একটাই চিন্তা কিভাবে চলবে সোহেলের সংসার। তাই সরকার ও প্রশাসনের কাছে স্বজনদের দাবি সোহেলের স্ত্রীর কোন একটা কর্মসংস্থানের।

সোহেল আহমেদ জীবনকে হারিয়ে কাতর সিংড়া উপজেলার সাংবাদিক এবং আগপাড়া শেরকোল বন্দর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের অকাল মৃত্যু মেনেই নিতে পারছেন না কেউই।

সহকর্মীরা বলছেন, সোহেল আহমেদ জীবন খুব সজ্জন এবং পরোপকারী মানুষ ছিলেন। শিক্ষক হিসেবেও ছিলেন খুবই দক্ষ এবং কর্মঠ। তার উপস্থিতি বিদ্যালয়কে মুখরিত করে রাখতো।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ জানতে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোহেলের পরিবারের পাশে থাকবেন জেলা প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন: হেলিকপ্টারে রাজাপক্ষে পরিবারের বাসভবন ছাড়ার ভিডিও প্রকাশ

প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে নলডাঙ্গা উপজেলার ইউএনও সুখময় সরকারে ব্যবহৃত সরকারি গাড়ি সিংড়া উপজেলার নিংগনই এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলে থাকা সোহেলকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়।

এরপর বিধি লঙ্ঘন করে সরকারি গাড়িতে ইউনএনও’র স্ত্রী সরকারি কলেজের শিক্ষিকাকে রাখতে যাওয়ার বিষয়টি সামনে আসে। হয় সমালোচনা। যদিও ইউএনও সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তেল আনতে সিংড়ার পাম্পে সরকারি গাড়ি নিয়ে গিয়েছিলেন চালক।

সোহেলের পরিবার এ ঘটনায় কোনো মামলা করবেনা বলে জানিয়েছে। তাছাড়া সোমবার রাতেই সোহেলের মরদেহ রামেক হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া এনে দাফন করেছেন স্বজনরা।


একাত্তর/আরএ