শেরপুরের ঝিনাইগাতীতে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের একটি জীবিত তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার ঘাগড়া তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকার মো. সিরাজুল করিম (৩৮) ও শেরপুর সদরের মির্জাপুর কান্দিপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম (৩৫)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল ঘাগড়া তেঁতুলতলা বাজারস্থ সূচনা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনে অভিযান চালায়। এসময় জীবিত একটি তক্ষকসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক ব্যক্তিদের তথ্যমতে উদ্ধার করা তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্নস্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো এই চক্রটি। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছে।
একাত্তর/এসজে